রংপুর মেডিকেলের শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট শুরু
হাসপাতালে পুলিশ ক্যাম্প স্থাপন, চিকিৎসকদের নিরাপত্তা বিধানসহ ১০ দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। এদিকে শিক্ষানবিশ চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় গতকাল হাসপাতাল কর্তৃপক্ষ মেডিসিন বিভাগের প্রধান জাকির হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এ ছাড়া অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য পুলিশ সুপারের কাছে একটি আবেদনও করা হয়েছে। শিক্ষানবিশ চিকিৎসক পরিষদ সূত্র জানায়, তারা গতকাল সকাল ১০টার দিকে ১০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি হাসপাতালের পরিচালককে দিয়েছে। জানা যায়, গত শনিবার হাসপাতালের ১৫ নম্বর সার্জিক্যাল ওয়ার্ডে কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসক আল-আমিনকে লাঞ্ছিত করেন রোগীর স্বজন এইচ এম মোর্শেদ। এ ঘটনার পর আল-আমিনকে মুঠোফোনে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে দুর্বৃত্তরা।