রংপুর মেডিকেলের সিটি স্ক্যান যন্ত্রটি অকেজো তিন মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান যন্ত্রটি তিন মাস থেকে কোনো কাজে আসছে না। যন্ত্রের টিউবের ধারণক্ষমতা শেষ হওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। এ কারণে রোগীদের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনই বেশি টাকা দিয়ে বাইরে থেকে সিটি স্ক্যান করাতে হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, এখানে ২০০৬ সালে একটি আধুনিক সিটি স্ক্যান যন্ত্র স্থাপন করা হয়। এই যন্ত্র দিয়ে জটিল ও সূক্ষ্ম রোগ নির্ণয় করা হয়। বিশেষ করে স্নায়ুরোগ দেখা দিলে সিটি স্ক্যানের বিশেষ প্রয়োজন হয়। এই যন্ত্রে একটি টিউব থাকে, যার মাধ্যমে রোগ নির্ণয় করা হয়। কিন্তু যন্ত্রটির টিউবের ধারণক্ষমতা গত বছরের ১৫ অক্টোবর শেষ হওয়ার পর থেকে এটি অকেজো পড়ে আছে। সূত্র আরও জানায়, যন্ত্রটির টিউব দিয়ে এক লাখ ২০ হাজার বার সিটি স্ক্যান করার কথা থাকলেও এর চেয়ে অনেক বেশি বার এটি ব্যবহার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই হাসপাতালে সিটি স্ক্যান করাতে খরচ পড়ে দুই হাজার টাকা। যন্ত্রটি বন্ধ থাকায় রোগীদের এখন বাইরে থেকে তিন হাজারেও বেশি টাকা দিয়ে সিটি স্ক্যান করাতে হচ্ছে। সেই সঙ্গে ভোগান্তি তো আছেই। হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান আলতাফ হোসেন বলেন, যন্ত্রটিতে নতুন টিউব স্থাপনের জন্য ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে, কিন্তু এর জবাব এখনো পাওয়া যায়নি।