রংপুর-ময়মনসিংহে শুরু হলো ৩ দিনের আবাসিক ক্যাম্প
আই-জেনের আঞ্চলিক পর্যায়ে তিন দিনব্যাপী আবাসিক ক্যাম্প গতকাল বৃহস্পতিবার থেকে রংপুর ও ময়মনসিংহে শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছে এ দুটি অঞ্চলের ১৫ জেলার সেরা ১৫টি দল।
রংপুর: এখানে ক্যাম্প শুরু হয়েছে শহরের রংপুরের দর্শনা মোড় এলাকার ব্র্যাক লার্নিং সেন্টারে। চলবে কাল শনিবার পর্যন্ত। এ অঞ্চলের আট জেলার একটি করে স্কুল দল ক্যাম্পে অংশ নিচ্ছে। প্রতি দলে রয়েছে পাঁচজন করে ৪০ জন প্রতিযোগী।
ক্যাম্পের প্রথম দিনে গতকাল শিক্ষার্থীদের নিয়ে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন আই-জেন–এর প্রজেক্ট ম্যানেজার খান এ ও এইচ সাইয়ন।
ময়মনসিংহ: শহরের শম্ভুগঞ্জে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। এতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী সাতটি স্কুল দলের মোট ৩৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। গতকাল প্রথম দিনে তিনটি সেশন অনুষ্ঠিত হয়। এ ছাড়া, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিকেলে খেলাধুলা ও গুপ্তধন খোঁজার মতো মজার বিষয়ে অংশ নেয়। সন্ধ্যা পর্যন্ত চলে প্রথম দিনের কর্মশালা। এতে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের যোগাযোগ ও মার্কেটিংয়ের উপব্যবস্থাপক ও ক্যাম্পেইন প্রধান সৈয়দ তাহমীদ আজিজুল হক ও সহকারী উপব্যবস্থাপক খালেদুল হাসান।
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। আই-জেনের প্রথম পর্যায় এর আগে অনুষ্ঠিত হয়েছে সারা দেশের দুই হাজার স্কুলে। এতে অংশ নিয়েছে ৮ লাখ ৭০ হাজার শিক্ষার্থী। এর মধ্য থেকে জেলা পর্যায়ে অংশ নেয় এক হাজার স্কুলের স্কুল দল। জেলা পর্যায়ে প্রতি জেলা থেকে একটি করে দল নিয়ে আই-জেনের আঞ্চলিক পর্যায়ের এই প্রতিযোগিতা শুরু হলো।