রংপুর রেলস্টেশনে সন্ত্রাসী হামলায় আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর রেলস্টেশনে গত মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় স্টেশনের তত্ত্বাবধায়ক, স্টেশন মাস্টার, পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে স্টেশন মাস্টারের কক্ষ, টিকিট কাউন্টার, বিশ্রামাগারসহ আটটি কক্ষ। একটি ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে গতকাল বুধবার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
রংপুর স্টেশন সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে স্টেশন রেলগেট এলাকায় দুই ব্যক্তির মুঠোফোন ছিনতাইয়ের চেষ্টা চালানোর সময় তাঁরা দৌড়ে জিআরপি পুলিশের ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন।
কিছুক্ষণ পর সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ওই দুই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ বাধা দেওয়ায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে স্টেশন মাস্টারের কক্ষ, টিকিট কাউন্টার, দুটি বিশ্রামাগার, তথ্য কার্যালয়, জিআরপি পুলিশ ফাঁড়ি ও অনুসন্ধান কেন্দ্র ভাঙচুর করে।
সন্ত্রাসীদের হামলায় সহকারী সুপারিনটেনডেন্ট মোজামেঞ্চল হক, স্টেশন মাস্টার তপন কুমার সরকার, জিআরপি পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবদুল আজিজ, সিরাজুল ইসলাম, জায়েদুরসহ ১০ জন আহত হন। ঘটনার পরপরই র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ছিনতাইয়ের শিকার রেজাউল করিম বলেন, ‘ছিনতাইকারীরা আমাদের ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমরা দৌড়ে জিআরপি ফাঁড়িতে গিয়ে আশ্রয় নিই। সেখানেও তারা হামলা চালায়।’
স্টেশনে সন্ত্রাসী হামলার ঘটনায় গতকাল রেলওয়ে স্টেশনের সহকারী সুপারিনটেনডেন্ট মোজামেঞ্চল হক বাদী হয়ে অজ্ঞাত ৯-১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এরপর পুলিশ জাহিদ মাসুদ ও মিন্টু মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করে।
স্টেশন মাস্টার তপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসী হামলার সময় আমরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খলিফা জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।