রংপুর শহরতলিতে চলাচল ঝুঁকিপূর্ণ
টানা অবরোধে রংপুর শহরের জীবনযাত্রা স্বাভাবিক থাকলেও শহরতলি ও গ্রামে চলাচল অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যানবাহন চলতে দেখলেই কিছু শিশু-কিশোর নানাভাবে বাধা দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ভাঙচুরও করছে।
গত সোমবার ও গতকাল মঙ্গলবার রংপুর শহর থেকে একটু বেরিয়ে শহরতলির দিকে যেতে যানবাহন চলাচলে নানা ঝক্কিঝামেলা পোহাতে হয়। রিকশা, রিকশাভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল চলাচলে বাধার সমঞ্চুখীন হতে হচ্ছে। রিকশার চাকার হাওয়া ছেড়ে দেওয়া, ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তাদের কিছু বলতে গেলে আশপাশের লোকজন তাদের পক্ষ নিয়ে কথা বলে। গত দুই দিনে শহরের প্রধান সড়কসহ পাড়ামহল্লায় অবাধে চলছে হালকা যানবাহন। কোনো বাধা-প্রতিবন্ধকতা নেই। ব্যাংক-বিমায় লেনদেন হচ্ছে স্বাভাবিক। অফিস-আদালতে স্বাভাবিক কার্যক্রম চলছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক।
গতকাল সকাল সাড়ে আটটার দিকে প্রচণ্ড কুয়াশা। এরই মধ্যে মোটরসাইকেল চালাতে গিয়ে শহরতলি দর্শনা মোড়ে কয়েকজন কিশোর পথরোধ করে। জানতে চায় পরিচয়। পরিচয় দেওয়ার পরেও তারা বলতে থাকে, জানেন না অবরোধ? গাড়ি বের করছেন কেন? এরপর দর্শনা মোড় হয়ে ভুড়ারঘাটের দিকে যেতে অল্প কিছুদূর এগোতেই আবারও বাধা। আরেক দল কিশোর। শেষমেশ এবার তাদের সাংবাদিকতার কার্ডটিও দেখাতে হয়েছে।
পীরগাছা উপজেলার পাওটানা বাজারে একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত সুমন রহমান বলেন, এই গ্রামে অফিসের জানালাও খুলতে দেয় না। একদল কিশোর এসে ধমক দিয়ে বন্ধ করায়। আর খোলা রাখলে ঢিল ছুড়ে মারে।
রংপুর নগরের শহরতলি খটখটিয়া এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাংক কর্মকর্তা বলেন, ‘ভাই রে, শহর এখন বেশ নিরাপদ। গ্রামের মধ্যে অফিস করা কষ্টকর ব্যাপার। গ্রামেই এখন মোটরসাইকেল চালানো যায় না। দূর থেকে ঢিল ছুড়ে দৌড় দেয়। কিন্তু শহরে গাড়ি চালাচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না।’
রংপুর নগরের মূল শহরে প্রবেশের কয়েকটি মুখ দর্শনা মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, কুড়িগ্রাম রোডের নবদিগঞ্জ, ঢাকা-রংপুর মহাসড়কের মডার্ন মোড় পার হয়ে ধর্মদাস এলাকা, রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকা, বুড়িরহাট সড়কের চব্বিশ হাজারিসহ আরও কিছু শহরতলি এলাকায় যানবাহন চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এত বড় এলাকায় পুলিশের সার্বক্ষণিক টহল দেওয়া অনেকটা কষ্টকর। এর পরেও শহরতলির আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।