রংপুর শহরে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরে গতকাল মঙ্গলবার মিনিবাসের শ্রমিক ও ব্যাটারিচালিত অটোরিকশার শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় ২০ জন আহত হয়েছে। উত্তেজিত শ্রমিকেরা অটোরিকশা চালক ইউনিয়নের সভামঞ্চ ভাঙচুর করেছে। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে অটোরিকশার শ্রমিকেরা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে শহরের মাহিগঞ্জে অটোরিকশা চালক ইউনিয়ন সমিতির উদ্যোগে একটি সমাবেশ আহ্বান করা হয়। সমাবেশ থেকে কয়েকজন উচ্ছৃঙ্খল অটোরিকশার চালক একটি মিনিবাস ভাঙচুর করলে মোটরশ্রমিক ও চালকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে ২০ জন আহত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহত ব্যক্তিদের মধ্যে রফিকুল (৩০), জাহাঙ্গীর (২৮), রতন (৩২), বিনয় (৩৫), নাজিম (৩০), রনি (২৮), সোহেল (৩২), সামসুল (৩৫) ও স্বপনকে (৩০) স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অটোরিকশা চালক ইউনিয়নের আহ্বায়ক আকবর হোসেন বলেন, গত সোমবার শহরের মাহিগঞ্জ শহীদ মিনার এলাকায় একটি মিনিবাস একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বাসচালক ও অটোরিকশার চালকের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাসচালক অটোরিকশার চালককে মারধর করে। এরই প্রতিবাদে গতকালের এই প্রতিবাদ সভা ডাকা হয়েছিল। কিন্তু সেখানেও তারা হামলা চালিয়ে সভামঞ্চ ভাঙচুর করেছে।এদিকে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মজিদ জানান, সমাবেশ থেকে মিনিবাস ভাঙচুর করা হয়েছে বলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার।