রংপুর শহরে বিক্ষোভ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদের ওপর হামলার প্রতিবাদে সচেতন রংপুর সিটি করপোরেশনবাসীর ব্যানারে গতকাল বিকেলে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবিটি সিটি বাজারের সামনের সড়ক থেকে তোলা l প্রথম আলো
রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদের ওপর হামলার প্রতিবাদে সচেতন রংপুর সিটি করপোরেশনবাসীর ব্যানারে গতকাল বিকেলে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবিটি সিটি বাজারের সামনের সড়ক থেকে তোলা l প্রথম আলো

মেয়রের ওপর হামলার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের দিনভর কর্মবিরতিতে রংপুর সিটি করপোরেশন গতকাল সোমবার অচল হয়ে পড়েছিল। সেই সঙ্গে দুই দফায় বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ, মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়েছে।

সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশ থেকে মেয়র সরফুদ্দীন আহমেদ আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার ইন্ধনদাতা ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করা না হলে পুরো নগর অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন।

হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া তরুণ সাদ্দাম হোসেনকে (২৭) গতকাল ১০ দিনের রিমান্ড চেয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আবেদন করে পুলিশ। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাদ্দাম ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। ঈদের ছুটিতে রংপুরে বাড়িতে এসেছিলেন তিনি।

এদিকে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির ফলে গতকাল নগরবাসী  নানা ভোগান্তিতে পড়েন। শহরের বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনার স্তূপ হয়ে যায়। সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনের সড়কে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে থাকতে দেখা যায়। এ সময় সড়কে চলাচলকারীরা দুর্ভোগে পড়েন। সেই সঙ্গে সিটি করপোরেশনে শিশুদের জরুরি টিকাদান কর্মসূচিও বন্ধ ছিল।

গতকাল কর্মবিরতি চলাকালে কর্মকর্তা-কর্মচারীরা বুকে কালো ব্যাজ ধারণ করেন। সিটি করপোরেশনের কিছু কক্ষ খোলা থাকলেও সবধরনের সেবা কার্যক্রম বন্ধ ছিল। কর্মবিরতি শেষে বিকেল পাঁচটায় সচেতন সিটি করপোরেশনবাসীর ব্যানারে সিটি করপোরেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর শহরের জাহাজ কোম্পানি মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিটি করপোরেশন কর্মকর্তা–কর্মচারীদের কর্মবিরতির কারণে সরানো হয়নি ময়লা–আবর্জনা। ছবিটি সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে থেকে তোলা l প্রথম আলো
সিটি করপোরেশন কর্মকর্তা–কর্মচারীদের কর্মবিরতির কারণে সরানো হয়নি ময়লা–আবর্জনা। ছবিটি সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে থেকে তোলা l প্রথম আলো

সমাবেশে বক্তৃতায় মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, ‘আমার ওপর যেভাবে হামলা করা হয়েছে, তাতে মনে হয়েছে তিনি (সাদ্দাম) ট্রেনিংপ্রাপ্ত। জঙ্গিও হতে পারেন।’ তাঁর ওপর হামলার বিষয়টি পুলিশ প্রশাসনকে তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন মেয়র।

এর আগে কর্মবিরতি চলাকালে দুপুর ১২টার দিকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রেসক্লাবের সামনের সড়কের দুই পাশে আধা ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য দেন সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী আজম আলী, ট্যাক্স কর্মকর্তা আসাদুজ্জামান, লাইসেন্স কর্মকর্তা রাফিউর রহমান, সম্পত্তি কর্মকর্তা তুহিন বকসি প্রমুখ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার সাদ্দামকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হলে বিকেলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জাহিদুল ইসলাম আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মেয়রের ওপর হামলাকারী সাদ্দামের মামা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে তাঁকে দেখতে যাওয়ার জন্য মেয়রকে বারবার অনুরোধ করেছিলেন সাদ্দাম। কিন্তু মেয়র বলেছিলেন, পরে দেখা করবেন। এ কথা শোনার পর সাদ্দাম উত্তেজিত হয়ে মেয়রের ওপর চড়াও হন। সাদ্দাম এসব কথা পুলিশের কাছেও স্বীকার করেছেন বলে ওসি জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে শহরের গুপ্তাপাড়ায় অবস্থিত নিজ বাসভবনের সামনে একটি আসবাবের দোকানে বসেছিলেন মেয়র সরফুদ্দীন। এ সময় সাদ্দাম এসে মেয়রের ফতুয়া টেনে ছিঁড়ে ফেলেন। তাঁকে কিলঘুষি মারেন। এ ঘটনায় অপ্রস্তুত হয়ে যান মেয়র। এ সময় আশপাশের লোকজন ছুটে আসেন। উপস্থিত লোকজন সাদ্দামকে ধরে পুলিশে দেন। সাদ্দামের বাড়ি শহরের পূর্ব অভিরাম কেল্লাবন্দ এলাকায়।

এ ঘটনায় মেয়রের একান্ত সচিব রাশেদুল ইসলাম বাদী হয়ে রোববার রাতেই কোতোয়ালি থানায় সাদ্দামকে আসামি করে একটি মামলা করেন।