রংপুর শহরের সড়কগুলো বেহাল
রংপুর শহরের অধিকাংশ সড়কের বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ সড়কগুলোতে চলাচলে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের জাহাজ কোম্পানির চারমাথার ট্রাফিক মোড়ের পাশে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এখানে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। মোড়ের পাশে রয়েছে ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠান। ব্যবসায়ী নাসিম বলেন, পৌরকর ঠিকই আদায় করা হয়। কিন্তু জনগণের কোনো সেবা নেই। এই মোড়টি খানাখন্দ হওয়ায় এখানে ব্যবসা করাও কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়েছে। কারমাইকেল কলেজের প্রবেশপথে একমাত্র লালবাগ সড়কে একটু বৃষ্টি হলে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শহরের মুন্সিপাড়ার আবুল হায়াত সড়কটি ১০ বছর ধরে বেহাল। এই সড়কে রিকশা যেতে চায় না। শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, ভাবছিলাম বিভাগ হওয়ার পর সড়কের অগ্রগতি হবে। কিন্তু কোনো কার্যক্রম নেই। শহরের ইসলামপুর থেকে নীলকণ্ঠ মোড় পর্যন্ত দুই কিলোমিটার সড়কের পুরোটাই চলাচলের অনুপযোগী। সড়কটিতে গত ১০ বছর থেকে কোনো সংস্কার নেই। এলাকার লোকজন এই সড়কটি সংস্কারের দাবি জানিয়ে ইতিমধ্যে কয়েক দফা সভা-সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শনও করেছে। কাপড় ব্যবসায়ী কালাম পাঠান বলেন, সড়ক খারাপ থাকায় লোকজন আসতে চায় না বলে ব্যবসায় মন্দাভাব দেখা দেয়। তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কায়সার শরীফ বলেন, পৌর মেয়রকে সড়ক নিয়ে বহুবার তাগাদা দিয়েছি, কিন্তু কিছুই হয়নি। পৌর মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, ‘আগে পর্যাপ্ত তহবিল ছিল না বলে সম্ভব হয়নি। বিভাগকে নতুন আঙ্গিকে সাজানো হবে বলে তিনি আবারও এমনই মন্তব্য করেন।’