রংপুর সরকারি কলেজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ব্যানার সরানোর ঘটনাকে কেন্দ্র করে রংপুর সরকারি কলেজে আওয়ামী লীগ-সমর্থিত ছাত্রলীগ ও জাসদ (ইনু)-সমর্থিত ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষ এড়াতে গতকাল রোববার থেকে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।কলেজ কর্তৃপক্ষ, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার দুপুর একটার দিকে কলেজে আওয়ামী ছাত্রলীগ ও জাসদ (ইনু) ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় সংগঠনের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। এরপর দুপুর আড়াইটা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে বিবদমান সংগঠন দুটির কর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়ার ঘটনা ঘটে। এ কারণে কলেজের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ আহত হয়নি।জাসদ ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক ওসমান গণি প্রথম আলোকে বলেন, ‘আমাদের টানানো ব্যানার সরিয়ে আওয়ামী ছাত্রলীগের কর্মীরা তাদের একটি ব্যানার টানিয়ে দেয়। বিষয়টি বলতে গেলেই তারা উত্তপ্ত হয়ে ওঠে।’ অপরদিকে আওয়ামী ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি ফখরুল ইসলাম জানান, সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।এ ঘটনায় পুলিশ শনিবার কলেজ ক্যাম্পাসে জাসদ ছাত্রলীগের রংপুর কলেজ শাখার সভাপতি রাকিবুল ইসলাম, একই সংগঠনের নেতা তানভিরুজ্জামান ও রাহেলকে গ্রেপ্তার করে। রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম জানান, দুই ছাত্র সংগঠনের সংঘর্ষের আশঙ্কায় কলেজ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান একটি মামলা করেছেন।