রংপুর সরকারি কলেজে ভর্তি বিঘ্নিত, কারমাইকেল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ নামধারীদের বাধার মুখে রংপুর কারমাইকেল কলেজে একাদশ শ্রেণির ভর্তি-প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। এদিকে রংপুর সরকারি কলেজে গতকাল মঙ্গলবার ছাত্রলীগ নামধারীদের বাধায় ভর্তি-প্রক্রিয়া চার ঘণ্টা বন্ধ ছিল। পুলিশের উপস্থিতিতে দুপুরের পর ভর্তি-প্রক্রিয়া পুনরায় শুরু হয়।
কলেজ সূত্র জানায়, গতকাল সকাল ১০টা থেকে রংপুর সরকারি কলেজে একাদশ শ্রেণিতে নিজেদের পছন্দের শিক্ষার্থীদের ভর্তি করাতে আসে ছাত্রলীগ নামধারীরা। তারা ভর্তি-প্রক্রিয়ায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বাধা দেয়। বাধার মুখে শিক্ষার্থীরা কলেজের তিন তলায় অবস্থিত কার্যালয়ে উঠতে পারছিল না।
ভর্তি হতে আসা এক শিক্ষার্থীর অভিভাবক পীরগাছা উপজেলার হৃদয় হোসেন জানান, আজ (মঙ্গলবার) সন্তানের ভর্তির দিন ধার্য ছিল। কিন্তু কয়েকজন যুবকের বাধার মুখে ভর্তি হতে না পেরে বাড়ি ফিরে যেতে হচ্ছে। এভাবে আরও কয়েকজন অভিভাবক এসে তাঁদের সন্তানদের ভর্তি করাতে পারেননি। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ গেলে কলেজে পরিস্থিতি শান্ত হয়। ছাত্রলীগ নামধারীরা চলে যায়। পরে পুলিশ পাহারায় বেলা দুইটার পর ভর্তি-প্রক্রিয়া স্বাভাবিক হয়। ছাত্রলীগ রংপুর সরকারি কলেজ শাখার আহ্বায়ক মিথুন কুমার দাস এ ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন ছাত্রলীগ নয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাধা দিয়েছে ছাত্রদলের কর্মীরা।
কলেজের অধ্যক্ষ সুবাস চন্দ্র বর্মণ প্রথম আলোকে বলেন, কয়েকটি উচ্ছৃঙ্খল ছেলের কারণে ভর্তি-প্রক্রিয়া কিছুক্ষণ বন্ধ ছিল। পুলিশের উপস্থিতিতে পরবর্তী সময়ে ভর্তি-প্রক্রিয়া স্বাভাবিক হয়েছে। ১২০০ শিক্ষার্থীর মধ্যে গত সোমবার পর্যন্ত ৬৪১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে বলেও তিনি জানান।
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে কারমাইকেল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি-প্রক্রিয়া রোববার থেকে বন্ধ রয়েছে। ওই দিন থেকে ছাত্রলীগ নামধারীদের বাধায় শহরের বেতপট্টিতে অবস্থিত জনতা ব্যাংক করপোরেট শাখায় ভর্তির টাকা জমা করা বন্ধ রয়েছে। তবে ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয় বলে জানান।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ বিনতে হোসাইন নাসরিন বানু জানান, গত সোমবার কলেজ একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি-প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। পরবর্তী সময়ে ভর্তির নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।