রংপুর সিটি করপোরেশনের বাজেট ঘোষণা
রংপুর সিটি করপোরেশনের ২০১৪-১৫ অর্থবছরের ৫০০ কোটি ১৪ লাখ ১৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকালে অ্যাসোড ট্রেনিং সেন্টারে সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু এই বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৯৯ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা। আর উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪৫ লাখ ৫৬ হাজার টাকা।
রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৯৭ কোটি ৫৬ লাখ এক হাজার টাকা। এর ৩৯৬ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হবে।
অবশিষ্ট অর্থের ৯০ শতাংশ বিভিন্ন দাতা সংস্থা থেকে পাওয়ার আশা ব্যক্ত করেছেন মেয়র। তবে গত বছর সরকারের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে ১৫ কোটি টাকা অনুদান পাওয়ার কথা উল্লেখ করে মেয়র বলেন, এ বছর এই অর্থ আরও বেশি পাওয়ার প্রতিশ্রুতি রয়েছে।
বাজেট ঘোষণার আগে মেয়র রংপুর সিটি করপোরেশনকে দারিদ্র্যমুক্ত, পরিচ্ছন্ন, সুন্দর ও নিরাপদ মহানগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন৷ এ সময় আরও বক্তব্য দেন সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, প্যানেল মেয়র আবুল কাশেম, কাউন্সিলর ফরিদা কালাম ও মনোয়ারা বেগম।