রংপুর সিটি করপোরেশন ঘোষণার দাবি
রংপুরকে সিটি করপোরেশন ঘোষণার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে প্রেসক্লাবের সামনে রংপুর উন্নয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।সংগঠনের আহ্বায়ক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাবেক সাংসদ শরফুদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল গনি, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মাহমুদুল হাসান, ছাত্রলীগের (জাসদ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তানভীরুজ্জামান, রংপুর উন্নয়ন সমন্বয় পরিষদের সদস্যসচিব শামছুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ‘আমরা আর প্রতিশ্রুতি চাই না, এবার ঘোষণা চাই।’ ৩১ মের মধ্যে রংপুরকে সিটি করপোরেশন ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।একই দাবিতে গত ১ এপ্রিল সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম ১০ মিনিটের রংপুর স্তব্ধ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে শহরের ১২ কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধন করা হয়। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। ২০০৯ সালের অক্টোবরে রংপুরকে বিভাগ ঘোষণা করা হয়। এরপর থেকে সিটি করপোরেশন ঘোষণার ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।