রংপুর সিটি করপোরেশন ঘোষণার দাবিতে পৌরসভা ঘেরাও
রংপুর সিটি করপোরেশন ঘোষণার দাবিতে গতকাল বৃহস্পতিবার রংপুর পৌরসভা কার্যালয় ঘেরাও করা হয়েছে। সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে ঘেরাও কর্মসূচির আগে সমাবেশ হয়। কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জাতীয় পার্টির সাবেক সাংসদ মশিউর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোস্তাফিজার রহমান। সেখান থেকে দুপুর ১২টার দিকে একটি মিছিল বের হয়ে পৌরসভা কার্যালয় ঘেরাও করে। বিক্ষোভকারীরা পৌরসভা লেখা সাইনবোর্ডের ওপর ‘সিটি করপোরেশন’ লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেয়। মিছিলটি পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকে পুলিশি বাধার মুখে পড়ে। সেখানে সমাবেশে সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাবেক সাংসদ শরফুদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ নবী, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা জামান, ছাত্রনেতা নাতভীরুজ্জামান, সাংস্কৃতিক সংগঠক ওয়াদুদ সরকার প্রমুখ। সমাবেশ থেকে আগামীকাল শনিবার শহরের দর্শনা মোড়ে দুপুর ১২টায় সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। গত বছরের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা করা হবে।