রংপুর সিটি নির্বাচন ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে
আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে কমিশন সচিবালয় থেকে নির্বাচনের সম্ভাব্য দিন-তারিখ ঠিক করে তা অনুমোদনের জন্য কমিশন সভায় নথি উপস্থাপন করা হয়েছে। জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ২৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আইনি বাধ্যবাধকতা আছে। সে জন্য ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কমিশন সচিবালয় থেকে যে প্রস্তাব করা হয়েছে, সেটা বিবেচনায় নিয়ে চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে।কমিশন সচিবালয় সূত্র জানায়, একটি প্রস্তাবে বলা হয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর, বাছাই ১৮ ও ১৯ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৯ নভেম্বর এবং ভোট গ্রহণ হবে ১৯ ডিসেম্বর। অপর প্রস্তাবে বলা হয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ নভেম্বর, বাছাই হবে ২১ ও ২২ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ ডিসেম্বর এবং ভোট গ্রহণ হবে ২০ ডিসেম্বর।