রংপুর সিটি নির্বাচনে কাউকে সমর্থন দেবেন না এরশাদ
রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেবেন না জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নির্বাচনে যিনি জিতবেন, তাঁকেই অভিনন্দন জানাবেন। আর যিনি হারবেন, তাঁকে দোয়া করবেন। নিজের এলাকা রংপুরবাসীর উদ্দেশে গতকাল বুধবার দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান এরশাদ। বিবৃতিতে এরশাদ বলেন, ‘কোনো স্থানীয় সরকারব্যবস্থার নির্বাচনে আমি বিশেষ কোনো প্রার্থীর প্রতি সমর্থন না জানানোর সিদ্ধান্ত নিয়েছি। আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ক্ষেত্রেও আমি একই নীতি অবলম্বন করব। রংপুরের জনগণ সবাই আমার আপন। এখানে আমার সংগঠনের যাঁরাই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাঁরা সবাই আমার লোক।’এরশাদ আরও বলেন, ‘যেহেতু নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যে কেউ কেউ জাতীয় পার্টি রংপুর জেলা শাখা এবং সিটি করপোরেশন শাখায় দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন, তাই নির্বাচনে সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি আরোপ করার জন্য জাতীয় পার্টি রংপুর জেলা ও সিটি কমিটি আমি ভেঙে দিলাম।’ দলের দায়িত্বশীল সূত্র জানায়, সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদের প্রত্যেকটিতে একাধিক নেতা প্রার্থিতা ঘোষণা করেছেন। বিশেষ কাউকে সমর্থন দিলে দলে ভাঙনের আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন এরশাদ।