রংপুর সিটি নির্বাচনে ভোট ২০ ডিসেম্বর
নবগঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২০ ডিসেম্বর বৃহস্পতিবার। নির্বাচন কমিশন গতকাল সোমবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।এই নির্বাচনে আংশিকভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। তবে কতটি কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে, সে বিষয়ে কমিশন গতকাল পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি।ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২১ ও ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুল মোবারক কমিশনের সম্মেলনকক্ষে এ তফসিল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার আবু হাফিজ ও মো. শাহনেওয়াজ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক এ সময় উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের জন্য বর্তমানে সে দেশে অবস্থান করছেন।রংপুর সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটের জেলা নির্বাচন কর্মকর্তা।রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মোট ভোটারসংখ্যা তিন লাখ ৫৭ হাজার ২৩৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭৯ হাজার ১২৮ এবং নারী এক লাখ ৭৮ হাজার ৬১৪ জন। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১৮২ এবং ভোটকক্ষ এক হাজার ২০০টি। কমিশন সচিবালয় সূত্র জানায়, রংপুরে ব্যবহারের জন্য এক হাজার ১০০টি ইভিএম প্রস্তুত রাখতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রতিনিধিদলকে নির্দেশনা দেওয়া হয়েছে। কতটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে বুয়েট থেকে ইভিএম পাওয়ার পর।মনোনয়নপত্রের সঙ্গে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জামানতের টাকা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। জামানত হিসেবে মেয়র প্রার্থীদের জমা দিতে হবে ২০ হাজার টাকা। কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে সর্বোচ্চ ১৫ হাজার ভোটারের ওয়ার্ডের জন্য ১০ হাজার, ১৫ হাজার এক থেকে ৩০ হাজার ভোটারের ওয়ার্ডের জন্য ২০ হাজার, ৩০ হাজার এক থেকে ৫০ হাজার ভোটারের ওয়ার্ডের জন্য ৩০ হাজার এবং ৫০ হাজারের বেশি ভোটারের ওয়ার্ডের জন্য ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে।