রংপুর সিটি নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি ইসি নিয়ে রেখেছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি আগেই নিয়ে রেখেছে। তিনি গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।সিইসি বলেন, আইন অনুযায়ী ১৮০ দিনের মধ্যে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করা হবে। কখন নির্বাচন করলে ভালো হবে সেটি কমিশন সভায় হিসাব করে সিদ্ধান্ত নেওয়া হবে। সামনে কোনো পরীক্ষা বা অন্য কোনো ঝামেলা আছে কি না, সবকিছু দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনো কমিশন কাগজপত্র হাতে পায়নি। সবকিছু হাতে পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালার খসড়া চূড়ান্ত: গতকাল নির্বাচন কমিশনের বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১২-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ বিষয়ে সিইসি বলেন, ‘বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করার পর কমিশন উপজেলা নির্বাচনের দিকে যাবে। আশা করছি, এ বছরের মধ্যে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে।’