রংপুর হাঁস-মুরগি খামারে কোনোটাই নেই
রংপুরে সরকারি হাঁস-মুরগি খামারে এখন হাঁস নেই, মুরগিও নেই। শূন্য পড়ে আছে খাঁচা। এ কারণে খামার থেকে এখন কোনো আয় নেই। উপরন্তু কাজ ছাড়াই খামারের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে হচ্ছে।খামার সূত্র জানায়, খামারটি স্থাপনের উদ্দেশ্য ছিল হাঁস-মুরগি ও ডিম উৎপাদন করে জেলার চাহিদা মেটানো। শহরের কলেজ রোডে ১০ একর জমিতে ১৯৫৬ সালে এটি স্থাপন করা হয়। ১৯৭৬ সালে খামারে হাঁস ও হাঁসের ডিম উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। গত বছরের এপ্রিলে খামারে বার্ড ফ্লু দেখা দেওয়ায় প্রায় ১২ হাজার মুরগি, মুরগির বাচ্চা ও ডিম ধ্বংস করা হয়। তখন থেকে এটি মুরগিশূন্য হয়ে পড়ে। এখন এখানে ২৩ জন কর্মকর্তা-কর্মচারী আছেন।সরেজমিনে দেখা গেছে, খামারে মুরগি রাখার ১৯টি খাঁচা রয়েছে। অধিকাংশ খাঁচাই জরাজীর্ণ। অফিস সহকারী শামীম হোসেন জানান, বর্ষার সময় খামারে পানি জমে যায়। এ কারণে মুরগি বাঁচিয়ে রাখা কষ্টকর হয়ে ওঠে। খামারের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, হাঁসের খামার বলা হলেও এখানে অনেক বছর থেকে হাঁস নেই। বার্ড ফ্লুর আশঙ্কায় এক বছর আগে মুরগি উৎপাদনও বন্ধ হয়ে যায়। এটি নতুন করে চালুর চিন্তাভাবনা চলছে।