রংপুর-৬ আসন ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর-৬ আসন ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সংসদ ভবনে আগামীকাল সকাল ১০টায় তিনি গোপালগঞ্জ-৩ আসনের সাংসদ হিসেবে শপথ নেবেন।

সংসদ সদস্যপদ ছেড়ে দেওয়া-সংক্রান্ত একটি চিঠি আজ বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে চিঠিটি ইসি সচিবালয়ে নিয়ে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল কবির কাওসার ও প্রধানমন্ত্রীর একান্ত সহকারী-২ সেলিনা রহমান।


এ বিষয়ে রিয়াজুল কবির কাউসার প্রথম আলোকে বলেন, ‘আজ একটি গেজেট জারি করে নির্বাচন কমিশন (ইসি) রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রীকে বিজয়ী ঘোষণা করে। কিন্তু নিয়মানুযায়ী একজন একটি আসনে সাংসদ থাকতে পারেন। প্রধানমন্ত্রী স্বহস্তে লিখিত একটি পত্রে রংপুর-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়টি ইসিকে জানিয়েছেন।’

৫ জানুয়ারির নির্বাচনে রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসনে জয়ী হন প্রধানমন্ত্রী।