রংপুরকে বাণিজ্য নগর করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। রংপুরসহ উত্তরাঞ্চলে গ্যাস আসবে। রংপুরকে বাণিজ্য নগর করা হবে।
গতকাল রোববার বিকেলে জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জয় এসব কথা বলেন। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি সরকারের আমলে উপজেলা পদ্ধতি বাতিল করা হয়। আমরা সেই উপজেলা চালু করেছি। সেখানে এখন তারা নির্বাচনও করছে।’ তিনি বলেন, ‘গতবার রংপুরে এসে ওয়াদা করেছিলাম, তা পূরণ হয়েছে। রংপুর বিভাগ হয়েছে। সিটি করপোরেশন হয়েছে। মেডিকেল কলেজে ডিজিটাল চিকিৎসাসুবিধা এসেছে। এখন আর আপনাদের ঢাকা যেতে হয় না।’
জয় বলেন, বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদের জন্ম দিয়েছে। আওয়ামী লীগ সন্ত্রাস দূর করেছে। মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সময় মোবাইল ফোনের দাম ছিল এক লাখ টাকা। আওয়ামী লীগের শাসনামলে গত পাঁচ বছরে মোবাইল ফোনের দাম এক হাজারে নেমেছে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দিপু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়, সাংসদ আশিকুর রহমান, সাংসদ টিপু মুনশি, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান প্রমুখ।
জনসভা শেষে জয় পীরগঞ্জ উপজেলার পৈতৃক বাড়ি ‘জয় সদন’-এ যান। সেখানে বাবা এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন। জয় সদনেই তাঁর রাত যাপনের কথা।