রংপুরকে বিভাগ ঘোষণা করায় মিঠাপুকুরে আনন্দ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরকে বিভাগ ঘোষণা করায় গতকাল রোববার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী কলেজ মাঠে আনন্দ সমাবেশ ও সংগীতানুষ্ঠান হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।আনন্দ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন রংপুর-৫ আসনের সাংসদ এইচ এন আশিকুর রহমান। এতে রংপুর-৪ আসনের সাংসদ টিপু মুন্সি, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, সাবেক সাংসদ ও ভাষাসৈনিক শাহ আব্দুর রাজ্জাক, সমাজসেবক রেহানা আশিকুর রহমান, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল মনসুর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোছাদ্দেক হোসেন, রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, সমাজসেবক রাশেক রহমান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এইচ এন আশিকুর রহমান তাঁর বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, ২০০০ সালে মিঠাপুকুরের পায়রাবন্দে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, রংপুরকে বিভাগ করা হবে। সরকার গঠনের পর সেই ওয়াদা তিনি পূরণ করেছেন। তিনি আরও বলেন, বৃহত্তর রংপুর ও দিনাজপুরে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই সম্পদের ব্যবহার করে এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন করা সম্ভব। সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে শুভ্র দেব ও ইভা রহমান সংগীত পরিবেশন করেন।