রংপুরে অটোরিকশা চালকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে মোটরশ্রমিকদের হাতে ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুরের প্রতিবাদে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি করপোরেশনের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা। জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় সমিতির আয়োজনে গতকাল রোববার তাঁরা ওই কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে অটোরিকশাচালকেরা অটোরিকশা নিয়ে সিটি করপোরেশনের মেয়রের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। সেখানে তাঁরা আধা ঘণ্টা বিক্ষোভ করেন। পরে দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনের প্রধান সড়কে এক ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় কয়েক শ অটোরিকশা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের খোলা মাঠে জড়ো করা হয়। বিক্ষোভের সময় তাঁরা দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। সেখানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন আনোয়ার কবির, মন্টু মিয়া প্রমুখ।
ঘেরাও কর্মসূচি শেষে বেলা একটার দিকে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
ওই স্মারকলিপিতে বলা হয়, গত বৃহস্পতিবার নগরের মাহিগঞ্জ ও সাতমাথা এলাকায় মোটরশ্রমিক ইউনিয়নের কতিপয় শ্রমিক বিনা কারণে সাতটি অটোরিকশা ভাঙচুর করেন। এ ছাড়া তাঁরা হুমকিও দেন। এ ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় ওই স্মারকলিপিতে।