রংপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগের আট জেলায় আজ সোমবার ভোর ছয়টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। রংপুর থেকে ঢাকাসহ আন্তজেলা ও দূরপাল্লার কোনো বাস-ট্রাক চলাচল করছে না। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।


সকাল আটটার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। ভাঙচুরের ভয়ে বাসের মালিকেরা তাঁদের বাস সরিয়ে নিয়েছেন।


শহরের কামারপাড়ায় ঢাকা বাসস্ট্যান্ডে সপরিবারে এসেছেন রেজাউল ইসলাম। তিনি বলেন, ‘হঠাৎ এই ধর্মঘটে আমি ঢাকায় যেতে না পারায় অনেক ক্ষতি হবে। সে কথা বোঝানো যাবে না।’


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর শ্রমিক ইউনিয়ন ও মোটর মালিক সমিতির মধ্যে গতকাল রাত সাড়ে আটটায় ও সাড়ে নয়টায় দুই দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় তিন পুলিশ কনস্টেবলসহ দুই পক্ষের ১০ জন আহত হন। মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পুলিশ লাঠিপেটা করেছে। ৩৫টি রাবার বুলেট ছুড়েছে।


এ ব্যাপারে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদের ভাষ্য, মালিকপক্ষের লোকজন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা করে শ্রমিকদের আহত করেছেন। তাঁরা দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছেন। এ পরিস্থিতিতে রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।


মোটর মালিক সমিতির সভাপতি আবু আজগর আহমেদের ভাষ্য, ‘এ ঘটনার সঙ্গে মোটরমালিকেরা জড়িত নন। তাঁদের নিজেদের মধ্যে গোলমাল হয়েছে। খামাখা আমাদের কালার (জড়ানোর) করার চেষ্টা করা হচ্ছে।’


কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল রাতে রাবার বুলেট ও লাঠিপেটা করা হয়েছে। বর্তমানে বাসস্ট্যান্ডে পুলিশ মোতায়েন রয়েছে।