রংপুরে অপহৃত পুরোহিত লালমনিরহাটে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে এবার এক পুরোহিতকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের ২৪ ঘণ্টা পর গতকাল শনিবার তাঁকে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ওই পুরোহিতের নাম উত্তম কুমার মোহন্ত (৫০)। তিনি পীরগঞ্জের ওসমানপুর এলাকার সর্দারপাড়া আশ্রমের পুরোহিত। তাঁর বাড়িও একই এলাকায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪০)। তাঁর বাড়ি লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের আমতলা গ্রামে।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক বলেন, আনোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত বা এর সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
উত্তম কুমারের পরিবার সূত্রে জানা গেছে, উত্তম কুমারকে গত শুক্রবার সকালে বিয়ে পড়ানোর কথা বলে মুঠোফোনে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে ডেকে নিয়ে যায় অপহরণকারী চক্রটি। সকাল ১০টার দিকে সেখানে পৌঁছালে তিনজন দুর্বৃত্ত তাঁকে ট্রেনে করে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিয়ে যায়। সেখান থেকে তাঁকে একই উপজেলার কুঠিরপাড়া হাট এলাকায় নিয়ে যাওয়া হয়। নানা স্থান পরিবর্তন করে তাঁকে ভারতের সীমান্তবর্তী আমতলা গ্রামের আনোয়ারের বাড়িতে আটকে রাখা হয়। সেখান থেকে তাঁর ছেলে আকাশ মোহন্তের কাছে মুঠোফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। শুক্রবার রাত নয়টার দিকে আকাশ বিষয়টি পুলিশকে জানান। পরে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে একটি দল মুঠোফোন অনুসরণ করে (ট্র্যাকিং) অপহরণকারীদের অবস্থান নির্ণয় করে অভিযান চালায়। তবে অপহরণকারীরা দফায় দফায় স্থান পরিবর্তন করে। পুলিশ উত্তম মোহন্তের আত্মীয় পরিচয় দিয়ে কৌশলে অপহরণকারীদের মুঠোফোন নম্বরে দুই হাজার টাকা বিকাশ করে জানায়, বাকি টাকা নিয়ে আসছি। গতকাল সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক পীরগঞ্জ ও লালমনিরহাট পুলিশের সহযোগিতায় আনোয়ারের বাড়ি থেকে উত্তমকে উদ্ধার করেন। এ সময় আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মোগলহাটের একাধিক ব্যক্তি বলেন, উত্তম কুমার শুক্রবার রাতে আনোয়ারের বাড়িতে অবস্থান করেন। শুক্রবার দিনের বেলা চওড়াটারী গ্রামের অন্য বাড়িতে তাঁকে দেখা গেছে। গতকাল অপর একটি বাড়িতে গিয়ে তিনি বাঁচানোর জন্য সহায়তা চান। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, পীরগঞ্জ থানার পুলিশ উত্তমকে উদ্ধার ও আনোয়ারকে গ্রেপ্তার করে রংপুরে নিয়ে গেছে।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় আকাশ বাদী হয়ে পীরগঞ্জ থানায় আনোয়ারসহ অজ্ঞাতনামা তিন-চারজনের নামে অপহরণ মামলা করেছেন।