রংপুরে অবৈধভাবে চলছে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়াই রংপুরে শাখা খুলে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়ম অনুযায়ী মূল ক্যাম্পাস ছাড়া অন্য বিভাগীয় ও জেলা শহরে শাখার অনুমোদন না থাকলেও ইউজিসির অনুমোদন-সংবলিত সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে।ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেন, এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সারা দেশে বিশ্ববিদ্যালয়টির অনেকগুলো অবৈধ শাখা রয়েছে। রংপুরের ওই শাখাটিও অবৈধ। এসব শাখা থেকে দেওয়া সনদও বৈধ হবে না।সরেজমিনে দেখা যায়, রংপুর নগরের বাস টার্মিনাল সড়কের গণেশপুরের গুড়াতিপাড়া এলাকায় ভাড়া করা একটি তিলতলা ভবনের নিচতলা ও দোতলায় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক শাখায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাড়ির সামনে লাগানো বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সাইনবোর্ডে লেখা রয়েছে, ‘রংপুর রিজিওনাল ক্যাম্পাস, রেজি নং-এস ৫৫৪২ (৬৫৬) ০৬ এবং সরকারি ও ইউজিসি কর্তৃক অনুমোদিত।’ ২৫ ও ২৬ মে সেখানে কোনো ক্লাস হতে দেখা যায়নি। এ সময় কোনো শিক্ষার্থীকেও পাওয়া যায়নি। অফিসের সমন্বয়কারী মুহাম্মদ ইয়াছিন আলীর সঙ্গে কথা বলতে গেলে তিনি একটি কাগজ ধরিয়ে দেন। সেখানে উল্লেখ রয়েছে, ইংরেজি, ইসলামিক স্টাডিজ, এলএলবি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং বিএড পড়ানো হয়। মোট শিক্ষার্থী ১৭৫ জন। কোর্সপ্রতি প্রতি বিষয়ে ৬০ থেকে ৭০ হাজার টাকা নেওয়া হয়। রংপুরের বিভিন্ন কলেজের শিক্ষকেরা এখানে খণ্ডকালীন ক্লাস নিয়ে থাকেন।পরে এক প্রশ্নের জবাবে মুহাম্মদ ইয়াছিন আলী বলেন, ‘আমরা এখানে যাদের ভর্তি করিয়ে পাঠদান করছি, তাদের ঢাকার উত্তরা ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবেই ভর্তি করা হয়।’ এর বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঢাকার বাইরে শাখা ক্যাম্পাস খোলা নিয়ে ইউজিসি বরাবর আবেদন করা হয়েছে।