জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, রংপুর একটি সম্ভাবনাময় এলাকা। রংপুর বিভাগে কীভাবে অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করা যায়, সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গতকাল বৃহস্পতিবার রংপুরে রাজস্ব সংলাপ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে গতকাল সন্ধ্যায় স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, বিজিবি ও গণমাধ্যমের সঙ্গেও নজিবুর রহমান বৈঠক করেন।
রংপুর শিল্প ও বণিক সমিতি চেম্বার ভবন মিলনায়তনে ওই অনুষ্ঠান করে। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবুল কাশেম। অনুষ্ঠানে রংপুর বিভাগের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। সংলাপে বক্তারা রংপুর বিভাগে প্যাকেজ ভ্যাট হার দেশের অন্যান্য বিভাগের চেয়ে সহনীয় করার দাবি জানান। পাশাপাশি তাঁরা আলু ও পাটচাষে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে আলু রপ্তানিতে শতকরা ২০ ভাগ ও পাট শিল্পের জন্য ১০ ভাগ হারে প্রণোদনা ধার্য করার অনুরোধ জানান।
প্রধান অতিথি নজিবুর রহমান বলেন, ‘আপনাদের অঞ্চলের যে সমস্যা ও সম্ভাবনা যেভাবে আমাদের কাছে তুলে ধরলেন, তা ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনায় সন্নিবেশিত হবে এবং এর ভিত্তিতে রংপুর বিভাগের উন্নয়ন নিয়ে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হবে।’
এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে এক বৈঠকে এনবিআর চেয়ারম্যান বলেন, সবার সহযোগিতায় রাজস্ব আহরণ-প্রক্রিয়া গতিশীল করতে কাজ করছে এনবিআর। জাতীয় জীবনে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে সরকার দেশের বন্দরগুলোর অবকাঠামো উন্নয়ন করেছে। সন্ধ্যায় হিলি শুল্ক স্টেশন পরিদর্শনে এসে পানামা হিলি পোর্টের মিলনায়তনে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, বিজিবি ও গণমাধ্যমের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন নজিবুর রহমান।
হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, ভারতের হিলি অংশে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় এ বন্দর দিয়ে সব পণ্য আমদানি-রপ্তানি করা যায় না। এতে সরকার প্রচুর রাজস্ব হারায়। এ থেকে পরিত্রাণের জন্য রি-এক্সপোর্ট সুবিধা বাস্তবায়ন করা প্রয়োজন।