রংপুরে অর্ধবেলা হরতাল পালিত
জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকে রংপুরে গতকাল রোববার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত অর্ধবেলা হরতাল পালিত হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতিসহ পাঁচ নেতাকে জামিনে মুক্তি দেওয়ার পর আবার কারা ফটক থেকে গ্রেপ্তার করার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হরতালকারীরা শহরের শালবনে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ ছাড়া শহরের জুমঞ্চাপাড়ায় একটি পাজেরো জিপ ও শহরের স্টেশন সড়কে একাধিক ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। হরতালে রংপুর থেকে আন্তজেলা ও দূরপাল্লার বাস-ট্রাক চলাচল বন্ধ ছিল। ব্যাংক-বিমাসহ বেসরকারি প্রতিষ্ঠানে লেনদেন হয়নি। তবে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষাও যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে। শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দাঙ্গা পুলিশ মোতায়েন থাকায় সেখান থেকে কোনো মিছিল বের করতে পারেনি হরতাল আহ্বানকারীরা।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, হরতালে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ছিল। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।