রংপুরে আ.লীগ নেতা খুন জামালপুরে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সদর উপজেলার তপোধন ইউনিয়নের আওয়ামী লীগের নেতা মতিয়ার রহমান খুন হয়েছেন। গতকাল শনিবার সকালে ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এদিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যুবলীগের কর্মী মাসুদুর রহমানকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি উপজেলার নামাপাড়া গ্রামে।আওয়ামী লীগ নেতা খুন: মতিয়ার রহমানের (৪২) ছেলে মোস্তাফিজুর রহমান জানান, তপোধন ইউনিয়নের বাহার কাছনা গ্রামে তাঁর বাবার মুদি দোকান রয়েছে। গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে তাঁর বাবা আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে চাঁদকুঠি মোড়ের কাছে ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি তপোধন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীদের কবলে পড়ে মতিয়ার রহমান খুন হতে পারেন।যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা: প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপির নেত্রী রহিমা বেগমের বাড়ির কাছে একটি জুয়ার আসরে মাসুদুর রহমানের (২৫) নিয়মিত যাতায়াত ছিল। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার নামাপাড়া এলাকায় রাস্তায় জুয়া খেলার সঙ্গী মহিলা ভাইস চেয়ারম্যানের চাচাতো ভাই ময়নালের সঙ্গে তাঁর বচসা হয়। একপর্যায়ে ময়নাল ও তাঁর সহযোগীরা লোহার রড দিয়ে মাসুদুর রহমানকে পেটান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত তিনটার দিকে তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় রহিমা বেগম ও ময়নালকে দায়ী করে গতকাল শনিবার বিকেলে মাসুদুর রহমানের লাশ নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা বকশীগঞ্জে প্রতিবাদ মিছিল করেছেন। অভিযোগ অস্বীকার করে রহিমা বেগম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আমি ও আমার ভাই জড়িত না।’ বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।