রংপুরে যুবলীগ নেতা সাজিদ পারভেজ ওরফে যাদু হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক এম এ মজিদের শাস্তির দাবিতে গতকাল বুধবার ব্যবসায়ীরা সমাবেশ করেছেন। পুলিশ জানায়, গত মঙ্গলবার ঢাকার ধানমন্ডি এলাকার একটি বাড়ি থেকে এম এ মজিদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গতকাল তাঁকে রংপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। হাকিম তোফায়েল আহমেদ আজ বৃহস্পতিবার রিমান্ডের শুনানির দিন ধার্য করেন। এদিকে এম এ মজিদের শাস্তির দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দোকান মালিক সমিতি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করে। এতে বক্তব্য দেন ব্যবসায়ী নেতা কাজী মো. জুননুন, রেজাউল ইসলাম প্রমুখ। রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সদস্য সাজিদ পারভেজ ওরফে যাদুকে গত ১৬ অক্টোবর শহরের স্টেশন বাবুপাড়ার বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।