রংপুরে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় চার নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষ এখন মুখোমুখি অবস্থানে রয়েছে।জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটির বাইরে পাল্টা দুটি কমিটি গঠন করে পৃথকভাবে দলীয় কর্মকাণ্ড চালানোর অভিযোগে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ওই চার নেতার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।দলীয় সূত্রে জানা গেছে, ২ অক্টোবর শহরের বেতপট্টি কার্যালয়ে জেলা আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা হয়। সভায় আলোচনা হয়, বিভিন্ন সময়ে শীর্ষস্থানীয় ওই চারজন নেতা দলের বাইরে পৃথক কর্মসূচি পালন করে চলেছেন। তাঁরা পাল্টা কমিটিও গঠন করেছেন। এতে জেলার রাজনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেছে।বর্ধিত সভায় যে চারজন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাঁরা হলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম। সূত্র আরও জানায়, গত মার্চে ইলিয়াছ আহমেদের নেতৃত্বে দলের একটি পক্ষ সংবাদ সম্মেলন করে জেলা ও মহানগর আওয়ামী লীগের দুটি পাল্টা কমিটি গঠন করে। এতে মহানগর কমিটির সভাপতি ও সম্পাদক যথাক্রমে দেলোয়ার হোসেন তালুকদার ও রফিকুল ইসলাম। আর জেলা কমিটির সভাপতি ও সম্পাদক যথাক্রমে ইলিয়াছ আহমেদ ও দেলোয়ার হোসেন। এই দুটি কমিটিতে তাঁরা ছাড়া আর কেউ নেই। এসব কমিটির মাধ্যমেই তাঁরা কেন্দ্রীয় কর্মসূচি পৃথকভাবে পালন করে চলেছেন। এতে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, বিদ্রোহী এই চার নেতার নেতৃত্বে বেশ কিছুদিন থেকে মিছিল সভা অব্যাহত রয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাঁদের পৃথক অবস্থানের কারণে দলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্মীরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন। এসব কারণে দলের বর্ধিত সভায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। শীর্ষস্থানীয় চার নেতার বিরুদ্ধে জেলা কমিটির এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জেলা আওয়ামী লীগের পাল্টা কমিটির সভাপতি ইলিয়াছ আহমেদ বলেন, ‘পৃথক কর্মসূচি পালন করছি ঠিকই, কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিই পালন করা হচ্ছে। ঢাকা থেকে চাপিয়ে দেওয়া নতুন কমিটি মানি না বলেই আমরা জেলা ও মহানগরের পৃথক দুটি ছায়া কমিটি গঠন করেছি। সেই কমিটিতে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক রাখা হয়েছে।’