রংপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক (২০১৭-২০১৯) নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত রইস-জলিল-মালেক প্যানেল বিজয়ী হয়েছে। সমিতির ১৭টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে এই প্যানেল বিজয়ী হয়।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল থেকে সভাপতিসহ তিনজন এবং আওয়ামী লীগপন্থী সম্মিলিত সমন্বয় পরিষদের অন্য একটি প্যানেল থেকে দুজন বিজয়ী হয়েছেন। গতকাল শুক্রবার নির্বাচন কমিশনার আবদুর রউফ ফলাফল ঘোষণা করেন। গত বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হয়।
বাদশা-জলিল-মালেক প্যানেল থেকে বিজয়ীরা হলেন সহসভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক আবদুল মালেক, সহসাধারণ সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক, কোষাধ্যক্ষ শাহ নয়ন্নর রহমানসহ ১২ জন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের কাইয়ুম-ফেন্সী-আলেফ প্যানেল থেকে বিজয়ী তিনজন হলেন সভাপতি আবদুল কাইয়ুম মণ্ডল, সদস্য নাজিরা খাতুন বীথি ও লতিফুর রহমান প্রামাণিক।