রংপুরে আগাম জাতের আমন ধান কাটা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের কামারপাড়া মাঠে ধান কাটছেন কৃষক। গতকাল তোলা ছবি  l প্রথম আলো
রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের কামারপাড়া মাঠে ধান কাটছেন কৃষক। গতকাল তোলা ছবি l প্রথম আলো

রংপুর অঞ্চলে আগাম জাতের আমন ধান উঠতে শুরু করেছে। এখন সেই ধান কাটতে ব্যস্ত সময় কাটাচ্ছেন এলাকার কৃষকেরা। তাঁদের এখন আর কাজের সংকট নেই।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের লাহিড়ীর হাট থেকে পানবাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটারব্যাপী সড়কের দুই পাশে আমনখেতে ধান পাকতে শুরু করেছে। এরই মধ্যে অনেক খেত থেকে ধান কাটা হয়েছে।
এলাকার কৃষকেরা বলেন, এ বছর আমন ধানের উৎপাদন হচ্ছে একরপ্রতি ৬০-৭০ মণ। খরচ হয়েছে ১২-১৩ হাজার টাকা। প্রতি মণ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকায়। সে হিসাবে উৎপাদিত ধান বিক্রি করে পাওয়া যাচ্ছে ৩০ হাজার টাকার বেশি। ফলে খরচ বাদ দিয়েও বেশ লাভ উঠছে কৃষকের ঘরে। পাশাপাশি আমন ধানের জমিতে আগাম আলু চাষাবাদের সুযোগ পাবেন কৃষকেরা।
হরিদেবপুর ইউনিয়নের কামারপাড়া এলাকার কৃষক আজিজার রহমান ৬৫ শতাংশ জমিতে আগাম জাতের ব্রি-৩৩ ধানের চাষ করেছিলেন। তিনি বলেন, আষাঢ় মাসের শুরুতে এই ধান রোপণ করা হয়। আশ্বিনের শুরুতে কাটা হয়। ফলেও ভালো।
একই এলাকার কৃষক আফাজ উদ্দিন প্রায় এক একর জমিতে আগাম জাতের ধান আবাদ করেন। এরই মধ্যে তা কাটা শেষ করেছেন। তিনি বলেন, আট বছর ধরে তিনি এই ধান আবাদ করছেন। এই ধান এলাকাবাসীর অভাব দূর করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর কার্যালয় সূত্র জানায়, আশ্বিন-কার্তিক মাসে এই অঞ্চলে একসময় কাজের সংকট ছিল। কৃষক-দিনমজুরসহ সবাই বেকার হয়ে যেতেন। দেখা দিত অভাব কিংবা মঙ্গা। তা দূর করতে আগাম জাতের আমন ধান চাষ শুরু করা হয়। এর মধ্যে রয়েছে বিনা-৭, ব্রি-৩৩, ব্রি-৩৯, ব্রি-৫৭ ও ব্রি-৬২। রংপুরে এবার ১৬ হাজার ৫৩ হেক্টর জমিতে এসব জাতের আমন ধানের আবাদ করেছেন চাষিরা। বিভাগের অন্য জেলাগুলোতেও এসব জাতের ধানের চাষ হয়েছে।

ওই কার্যালয়ের উপপরিচালক শ ম আশরাফ আলী বলেন, আগাম জাতের আমন চাষে এই অঞ্চলের কৃষকেরা এখন ব্যাপক উৎসাহিত হচ্ছেন। এই ধান এলাকার কৃষক-দিনমজুরদের জীবন বদলে দিতে শুরু করেছে। সবার মুখে হাসি ফুটে উঠেছে।