একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুরে দুটি হত্যাযজ্ঞের সঙ্গে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত দল।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার তদন্ত দল গতকাল রোববার রংপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানায়। সকালে রংপুর সার্কিট হাউসে এই সংবাদ সম্মেলন হয়। এ টি এম আজহারুল ইসলাম একাত্তরে মুক্তিযুদ্ধকালে রংপুরে ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, মুক্তিযুদ্ধকালে রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের পদ্মপুকুর ও ঝাড়ুয়ার বিল বধ্যভূমিতে এক হাজার ২০০ জনের অধিক এবং ধাপপাড়া বধ্যভূমিতে ১২ জনকে হত্যা করা হয়। এসব হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন এ টি এম আজহারুল ইসলাম। তদন্তকালে সাক্ষীদের সাক্ষ্যে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সাত সদস্যের তদন্ত দল রংপুরের বিভিন্ন এলাকায় সরেজমিনে তদন্ত করে আজহারুল ইসলামের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগে জড়িত থাকার এবং পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সহযোগিতার অভিযোগের সত্যতা পেয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নূরজাহান মুক্তা সংবাদ সম্মেলনে জানান, তদন্ত দল আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগের বিষয়ে গত শুক্রবার থেকে তদন্ত করে। তদন্তকালে তারা বদরগঞ্জ উপজেলা, রংপুর নগরের দমদমা, দখিগঞ্জ, টাউন হল বধ্যভূমি এলাকা পরিদর্শন করে। আজহারুলের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়েছে। তিনি জানান, আগামী ৩০ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুমের নেতৃত্বে সাত সদস্যের একটি দল এই তদন্ত করে। তদন্ত দলের অন্য সদস্যরা হলেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম, নূরজাহান মুক্তা, রিজিয়া সুলতানা, তদন্ত কর্মকর্তা ইদ্রিস আলী ও মতিউর রহমান। সংবাদ সম্মেলনে তদন্ত দলের সদস্যরা উপস্থিত ছিলেন।