রংপুরে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পে আগুন
রংপুরের রবার্টসনগঞ্জে অবস্থিত মুক্তিযুদ্ধের সময় আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পে গত বুধবার রাতে আগুনে তিন শতাধিক বাড়ি ভস্মীভূত হয়েছে। স্থানীয় একটি চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর এক পক্ষ এই আগুন লাগিয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অভিযোগ করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে নয়টার দিকে ওই ক্যাম্প এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এর পরপরই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তিন শতাধিক বাড়ি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।এদিকে রংপুরে আটকে পড়া পাকিস্তানীদের ক্যাম্পে আগ্নিকাণ্ডের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র, ইন্ডিয়ান বংশোদ্ভুত উর্দূভাষী সংখ্যালঘু কাউন্সিল বাংলাদেশ, জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ ও উর্দূ স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের পক্ষ থেকে তীব্র নিন্দা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে সংগঠনগুলো এ দাবি জানায়।