রংপুরে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। চিলড্রেনস ফিল্ম সোসাইটির আয়োজনে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে গতকাল রংপুর টাউন হলে সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক-রাজস্ব) মাসুদ করিম এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সাংসদ আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি ছিলেন রেজাউল হক। প্রধান আলোচক ছিলেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মেজবাউল হাসান ও সদস্যসচিব মোকাররম রানা। আসাদুজ্জামান নূর বলেন, দেশি-বিদেশি ভালো ভালো ছবি দেখিয়ে শিশুদের জ্ঞানের বিকাশ ঘটাতে হবে। আর এ জন্য এ ধরনের উৎসবের কোনো বিকল্প নেই। শিশুরাই আমাদের ভবিষ্যতের দেশ গড়ার কারিগর। আলোকিত মানুষ হয়ে তারা দেশ পরিচালনা করবে। মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধি চর্চায় শিশুদের সুযোগ করে দেওয়ার জন্য অভিভাবক ও শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধান আলোচক মোরশেদুল ইসলাম বলেন, সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ করতে হবে। এ ধরনের উৎসব দেশের প্রতিটি জেলায় জেলায় আয়োজন করে শিশুদের অংশগ্রহণ করাতে হবে। গতকাল উদ্বোধনী দিনে বিভিন্ন দেশের নয়টি ছবি প্রদর্শিত হয়। আজ শুক্রবার ১২টি ও কাল শনিবার ১২টি ছবি প্রদর্শিত হবে।