সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র রংপুরে ফাঁসের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গতকাল বৃহস্পতিবার ভোরে রংপুর শহর থেকে তাঁদের গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১৭৪ জনকে গ্রেপ্তার করা হলো।গ্রেপ্তার হওয়া দুজন হলেন সদর উপজেলার হাজিরহাট এলাকার জাফরগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক জাফিরুল ইসলাম (৩৪) ও প্রশ্নপত্র ফাঁস মামলার অন্যতম প্রধান আসামি বিজি প্রেসের কর্মচারী হামিদুল ইসলামের চাচাতো ভাই জুলহাস উদ্দিন (২৮)।মামলার তদন্ত কর্মকর্তা ও রংপুর সিআইডি পুলিশের উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া দুজন প্রশ্নপত্র ফাঁসের আগের দিন মূল আসামিদের সঙ্গে মুঠোফোনে অনেকবার যোগাযোগ করেন। এর মধ্যে প্রভাষক জাফিরুল প্রশ্নপত্র ফাঁস মামলার অন্যতম আসামি ও নীলফামারীর কিশোরীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহফুজের সঙ্গে ১৯ বার, রংপুরের শফিয়ার রহমানের (প্রশ্নপত্র ফাঁসের পর তাঁর ব্যাংকের হিসাব থেকে প্রায় এক কোটি টাকা জব্দ করা হয়েছিল) সঙ্গে সাতবার এবং বিজি প্রেসের কর্মচারী হামিদুল ইসলামের মুঠোফোনে সাতবার কথা বলেন। বিষয়টি দীর্ঘদিন তদন্ত করে গতকাল ভোরে শহরের ধাপ এলাকা থেকে জাফিরুলকে ও আদর্শপাড়ার বাড়ি থেকে জুলহাসকে গ্রেপ্তার করা হয়।