রংপুরে আরও ৯ জন জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আরও নয়জন জামিনে মুক্তি পেয়েছেন। এ নিয়ে মোট ৩৪ জন মুক্তি পেলেন। এর আগে নারীসহ ২৫ জন জামিনে মুক্তি পান। রংপুর কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া নয়জন গত তিন দিনে জামিনে মুক্তি পেয়েছেন। তাঁরা হলেন সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবদুর রউফ, ঢাকার সরকারি প্রিন্টিং প্রেসের (জিপি প্রেস) সহকারী পরিচালক খন্দকার মোহাম্মদ আলী, নীলফামারী জেলার কিশোরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমান, বরিশালের সুজেত কুমার মণ্ডল, নীলফামারীর কিশোরগঞ্জের হারুন-অর রশিদ, সাতক্ষীরার নিশিকান্ত মোহন্ত, পটুয়াখালীর উত্পল কবিরাজ, সুব্রত দাস ও আবদুল আজিজ। এদিকে বিজি প্রেসের কর্মচারী শহীদুল ইসলাম ও নীলফামারীর কিশোরগঞ্জের আতিকুল ইসলামকে পুলিশ গত দুই মাসেও গ্রেপ্তার করতে পারেনি। আতিকুল রংপুরের ভিন্নজগত্ মিলনায়তন বুকিং দিয়েছিলেন। আতিকুলকে রংপুরের কেল্লাবন্দ সিওবাজারে ঘুরতে দেখা গেছে বলে কয়েক ব্যক্তি জানিয়েছেন। রংপুরে প্রশ্নপত্র ফাঁসের মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, হাইকোর্টে জামিনের আবেদন করে ওই ব্যক্তিরা জামিন পেয়েছেন। অভিযোগপত্র কবে দাখিল করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার তদন্ত এখনো অনেক বাকি। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে যাঁদের নাম এসেছে; এমন কয়েকজন সরকারি চাকরিজীবীকে খোঁজা হচ্ছে। এ ছাড়াও দেশের বিভিন্ন জেলার যেসব লোক রংপুরে এসে গ্রেপ্তার হয়েছেন তাঁদের এলাকাগুলোতেও খোঁজখবর নেওয়া হচ্ছে। এ কারণে অভিযোগপত্র দাখিল করতে সময় লাগছে। গত ৮ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিনোদনকেন্দ্র ভিন্নজগতে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঘটনাস্থল থেকে ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার করা হয় আরও সাতজনকে।