রংপুরে ইটভাটায় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
রংপুরে ইটভাটায় কাজ করতে গিয়ে মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন জেলার কাউনিয়া উপজেলার বাহাগিলি গ্রামের এছারউদ্দিনের ছেলে আবদুল আজিজ (৪০)। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলার পীরগাছা উপজেলার আই এফ এম ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জেলার পীরগাছা উপজেলার বড়দরগা এলাকায় আই এফ এম ব্রিকসে কাজ করার সময় মাটি চাপা পড়েন আবদুল আজিজ নামের শ্রমিক। তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।
ইটভাটার মালিক ইদ্রিস আলী শ্রমিক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এটি একটি দুর্ঘটনা। নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে লাশের ময়নাতদন্ত করা হবে।