রংপুরে উদীচীর বিভাগীয় সাংস্কৃতিক উৎসব শুরু
রংপুরে উদীচীর আয়োজনে গতকাল রোববার থেকে দুই দিনব্যাপী বিভাগীয় সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। আজ সোমবার কলকাতা লালন একাডেমির পরিবেশনায় লালনসংগীত পরিবেশিত হবে।
উদীচী শিল্পীগোষ্ঠী রংপুর জেলা সংসদের আয়োজনে গতকাল বিকেলে পাবলিক লাইব্রেরি মাঠে বিভাগীয় এ উৎসবের উদ্বোধন করেন পীরগঞ্জের প্রবীণ যাত্রাশিল্পী সুবীর কুমার মোহন্ত। সেই সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন নীলফামারীর ডোমারের প্রবীণ ভারওয়াইয়া শিল্পী চিনেরাম অধিকারী।
উদ্বোধনের পর মলয় কিশোর ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাশ্বত ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার, কেন্দ্রীয় সদস্য সেতারা বেগম ও কাজী হাসনাত। এ ছাড়া শিল্পীদের মধ্যে আলোচনা করেন গাইবান্ধার মিলন কুমার ভট্টাচার্য, লালমনিরহাটের রুবী বিশ্বাস, কুড়িগ্রামের ভূপতি ভূষণ বর্মণ, সাংস্কৃতিক উৎসব উদ্যাপন পর্ষদের সদস্যসচিব কাফি সরকার।
এরপর বিভাগের আট জেলা থেকে উদীচীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
আজ সোমবার সকাল ১০টায় রংপুর টাউন হলে সংগীতবিষয়ক আলোচনা ও সংগীত প্রশিক্ষণ পরিচালনা করবেন তাপসী রায় চৌধুরী। বিকেল চারটা থেকে পাবলিক লাইব্রেরি মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।