রংপুরে উপবাঁধ ভেঙে তিস্তার মূল বাঁধ হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের গান্নারপাড় এলাকায় তিস্তা নদীর মূল বাঁধের প্রতিরক্ষার জন্য নির্মিত উপবাঁধ ভেঙে গেছে। ফলে নদীপারের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে নদীর মূল বাঁধ।বৃহস্পতিবার সরেজমিনে জানা যায়, গান্নারপাড় এলাকায় নদীর ভাঙন থেকে মূল বাঁধকে রক্ষার জন্য ৬০০ ফুট দীর্ঘ একটি উপবাঁধ নির্মাণ করা হয় ২০০৯ সালে। গত এক মাসে আস্তে আস্তে ভেঙে সেটি নদীতে বিলীন হয়ে গেছে। এখন এই উপবাঁধের সামান্য একটু নদীর কিনারে টিকে আছে। উপবাঁধ ভেঙে যাওয়ায় নদীপারের মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নদীর ভাঙন থেকে মূল বাঁধকে রক্ষার জন্য গান্নারপাড় এলাকায় গত এক মাস থেকে কর্মসৃজন কর্মসূচির প্রকল্পের অধীনে শ্রমিক দিয়ে প্রায় ৫০০ ফুট মাটি ও বালুর বাঁধ নির্মাণ করা হচ্ছে। নবনির্মিত এই মাটির বাঁধের অনেক স্থানে ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে।গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, গত বছর স্থানীয় জনগণ গান্নারপাড় এলাকায় বালুমাটির বাঁধ ও বাঁশের স্পার দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করেছিল। নদীর ভাঙনে তা আর টিকেনি। প্রতিবছরই অনেক পরিবার নদীভাঙনে নিঃস্ব হয়। গত তিন বছর থেকে এই ভাঙনকবলিত এলাকায় সরকারিভাবে কোনো কাজও করা হয়নি বলে তিনি মন্তব্য করেন। এ ব্যাপারে পাউবো রংপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, তিস্তা নদীর ভাঙনরোধে এ বছর একটি পরিকল্পনা ঢাকায় পাঠানো হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।