রংপুরে উৎপাদন খরচই উঠছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে এবার আমন ধান উৎপাদন করে কৃষকের ক্ষতি হয়েছে। ধানের বর্তমান বাজার অনুযায়ী উৎপাদন খরচ প্রায় সমান হয়েছে। শুক্রবার সরেজমিনে ধানখেত দেখে মনে হয়েছে বাম্পার ফলন হয়েছে। কিন্তু ধান কেটে তা মাড়াইয়ের পর দেখা যাচ্ছে, একরপ্রতি ধান উৎপাদন হয়েছে ৩৬ থেকে ৩৮ মণ। এখন ধান কেটে তা শুকানোর জন্য মাঠেই রয়েছে। পুরো কাটা ও মাড়াই শুরু হতে আরও সাত থেকে দশ দিনের মতো সময় লাগবে। এর পরও অনেক কৃষকের ধান কাটা ও মাাড়াই হয়েছে। ইতিমধ্যে যাঁরা ধান কাটা ও মাড়াই করেছেন এমন কৃষকেরা জানান, এ বছর আমন ধান রোপনের পর পরই খরা ছিল। আর তাই শুরুতেই প্রত্যেক কৃষককেই কম-বেশি সেচ দিতে হয়েছে। এই সেচ একরপ্রতি কৃষকের খরচ হয়েছে এক হাজার ৬০০ টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত। বৃষ্টিনির্ভর এই ধান উৎপাদনে আগে সেচ দিতে হতো না। কৃষকেরা জানান, এ বছর এক একরে ধান হয়েছে ৩৬ থেকে ৩৮ মণ। তা গ্রামের হাটবাজারে গত শুক্রবার মণপ্রতি ৫০০ থেকে ৫১০ টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ এক একরে ধান উৎপাদন করে কৃষকের আয় হয়েছে ১৮ থেকে ১৯ হাজার টাকা। ধান রোপন থেকে শুরু করে মাড়াই পর্যন্ত এক একর ধান উৎপাদনে খরচ পড়েছে ১৬ থেকে ১৭ হাজার টাকা। ফলে উৎপাদন ও উৎপাদন খরচ প্রায় সমান হয়ে গেছে।রংপুর সদর উপজেলার বানিয়াপাড়ার কৃষক হাসেম আলী এ বছর সাড়ে চার একর জমিতে আমন ধান আবাদ করেছেন। এর মধ্যে এক একর ধান কাটা ও মাড়াই করে পেয়েছেন ৩৬ মণ ধান। তিনি বলেন, ‘এবার ধানোত লাভ হবার নয়। গত বছর যে খেত থাকি ৩৯ মণ ধান পাছি, এবার তা পাই নাই। তা ছাড়াও গত বছরের থাকি এবার ধানের দামও অনেক কম।’গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের বড় রূপাই এলাকার কৃষক এরশাদ আলী দেড় একরের মধ্যে এক একর ধান কাটা ও মাড়াই করেছেন। তিনি বলেন, ‘এবার ধানোত তেমন লাভ তো দূরের কথা, আসল টাকায় হয়তো উঠপার নয়।’ তিনি এক একর জমিতে ধান পেয়েছেন ৩৬ মণ। রংপুর কৃষি সম্প্রসারণ কার্যালয়ের কৃষি কর্মকর্তা রুহুল আমিন প্রথম আলোকে বলেন, এ বছর এক লাখ ৫১ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও এর চেয়ে কিছু বেশি জমিতে ধান আবাদ হয়েছে।