রংপুরে এক রাতে ২৫ স্থানে পটকা ফুটল
রংপুর নগরের কমপক্ষে ২৫টি স্থানে গত শুক্রবার রাতে শতাধিক পটকা ফুটিয়েছে দুর্বৃত্তরা। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য এ কাজ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরের জাহাজ কোম্পানি মোড়, জেলা পরিষদ সুপার মার্কেট, সুরভি উদ্যান, মডার্ন মোড়, মাহিগঞ্জ বাজার, সাতমাথা, পার্কের মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, মেডিকেল মোড়, মেডিকেল পূর্ব গেট, কামালকাছনা, শালবন, আদর্শপাড়া, কলেজ রোড, লালবাগ, সিওবাজার, আলমনগর, পায়রা চত্বর, বেতপট্টি, গ্রান্ড হোটেল মোড়সহ ২৫টি স্থানে পটকা ফুটানো হয়েছে। গত শুক্রবার রাত ১০টা থেকে দুইটা পর্যন্ত দুর্বৃত্তরা এসব পটকা ফুটিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পটকা বিক্রেতা বলেন, এ সময় পটকা বিক্রি নিষিদ্ধ। এর পরও চোরাইপথে কেউ কেউ তা এলাকায় এনে বিক্রি করছেন।
রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ভোটবিরোধী লোকজন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য রংপুর নগরের বিভিন্ন স্থানে পটকা ফুটিয়েছে। নির্বাচনের দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় তাঁরা এ ব্যাপারে খোঁজখবর নিতে পারেননি।