রংপুরে একটি সংস্থার কার্যক্রম বন্ধ
রংপুরে গ্রাম্য জীবন বিকাশ সংস্থার কার্যক্রম বন্ধ করে দিয়েছে সমাজসেবা কার্যালয়। সংস্থাটির বিরুদ্ধে অধিক মুনাফার লোভ দেখিয়ে সঞ্চয়ের নামে এক হাজার নারী-পুরুষের এক কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, নগরের সাতগাড়ায় গ্রাম্য জীবন বিকাশ সংস্থার কার্যক্রম চালু হয় ২০০৫ সালে। সংগঠনটির সভাপতি প্রবাসী জাহিদুল আলম। প্রধান ব্যক্তি হিসেবে সাধারণ সম্পাদক হয়ে সংস্থার দায়িত্ব পালন করেন দীনবন্ধু অধিকারী।জানা যায়, এই সংস্থার সদস্য এক হাজার ৭৮ জন। এ ছাড়া ৭ থেকে ১৫ জন সদস্য নিয়ে ৫০টি দলও রয়েছে। দলের প্রতিজন প্রতি সপ্তাহে কমপক্ষে ২৫ টাকা ও সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত জমা রাখতেন।সমাজসেবা কার্যালয়ের শহর কর্মকর্তা আবদুল মতিন জানান, সংস্থাটি অধিক হারে সুদের প্রলোভন দেখিয়ে ২০০৫ সাল থেকে কার্যক্রম শুরু করে। জব্দ করা পাস বই থেকে জানা যায়, প্রথম এ বই সংগ্রহ করতে নেওয়া হয় ৩০ টাকা। এরপর প্রতি সপ্তাহে কারও কাছ থেকে ২৫ টাকা, ৩০ টাকা, ৫০ টাকা—এভাবে ১৫০ টাকা পর্যন্ত জমা নেওয়া হয়েছে। এভাবে ছয় বছর টাকা জমা নেওয়া হয়। প্রতিজনের সঞ্চয় দাঁড়ায় গড়ে সাত হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। এসব সদস্যের টাকার পরিমাণ হবে কোটি টাকার বেশি। লোক দেখানোর জন্য পাঁচটি দলের ৪৩ জনকে প্রতিজনে এক হাজার ২০০ টাকা থেকে দেড় হাজার পর্যন্ত ঋণ দেওয়া হয়েছে। ঋণের এই টাকা প্রতি কিস্তি হিসেবে দিনে ১৫ টাকা করে শোধ করতে হবে এবং সেই সঙ্গে প্রতি সপ্তাহে ২৫ টাকা করে সঞ্চয়ের টাকাও জমা করতে হয়েছে।সমিতির পক্ষ থেকে নগরের চন্দনপাট এলাকার ইশরপুর গ্রামের নাছরিন আক্তার কয়েকটি এলাকায় ঋণ ও সপ্তাহের সঞ্চয়ের টাকা সংগ্রহ করতেন। ২০০৯ সাল থেকে তিনি আড়াই হাজার টাকায় চাকরি করতেন। ২০১১ সালে তিনি চাকরি ছেড়ে দেন। নাছরিন বলেন, ‘গরিব মানুষের সঞ্চয়ের টাকা নিয়ে ছিনিমিনি করার কারণে আমি চাকরি ছেড়ে দিয়েছি।’নগরের লাহিড়ির হাট এলাকার আজহার আলী সমিতিতে দুই নামে প্রায় ১৫ হাজার টাকা সঞ্চয় করে এখন সর্বস্বান্ত হয়ে পড়েছেন। ফল ব্যবসায়ী আবু বক্করের সাত হাজার, ছালেক মিয়ার ১৪ হাজার, শিবু মহন্তের ১৪ হাজার, আঞ্জুআরা, তৌহিদুল, দিনেশ রায় প্রত্যেকের সাত হাজারের অধিক টাকা সঞ্চয় করেছিলেন। কিন্তু তাঁদের টাকা ফেরত বা ঋণও দেওয়া হয়নি।এসব অভিযোগ প্রসঙ্গে দীনবন্ধু অধিকারী বলেন, সমাজসেবার নিবন্ধন নিয়ে তাঁরা এ কাজ করে আসছেন। কিন্তু হঠাৎ করে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।আবদুল মতিন বলেন, অভিযোগের তদন্ত করে প্রতিবেদন গত ফেব্রুয়ারি মাসে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে দেওয়া হয়েছে। উপপরিচালক হারুন-অর-রশিদ বলেন, এ ধরনের ঋণ কার্যক্রম তারা চালাতে পারে না। শত শত অসহায় মানুষ সঞ্চয় করেছিলেন কিছু একটা সুবিধা পাওয়ার আশায়। কিন্তু তাঁরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। বিষয়টি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে জানানো হয়েছে।