
রংপুরকে মাদক ও জঙ্গিমুক্ত করার অঙ্গীকারের আজ বুধবার জেলার ৮৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী একযোগে শপথ বাক্যপাঠ করে। জেলা পুলিশের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। একসঙ্গে এত শিক্ষার্থীর এ ধরনের একটি শপথ অনুষ্ঠান দেশে প্রথম বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ উপলক্ষে আজ মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সকাল ১০টায় রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে। এখানে একসঙ্গে ২০ হাজারের অধিক শিক্ষার্থী শপথবাক্য পাঠ করে। এখানে উপস্থিত ছিল পুলিশ লাইনস স্কুল ও কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রংপুর উচ্চবিদ্যালয়, রংপুর শিশুনিকেতন উচ্চবিদ্যালয়, কৈলাসরঞ্জন উচ্চবিদ্যালয়, সাতগাড়া হাফিজিয়া মাদ্রাসা, জুম্মাপাড়া মাদ্রাসাসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় পুলিশ লাইনস স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় রংপুর পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শপথবাক্য পাঠের আগে সংক্ষিপ্ত আলোচনায় জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি যথাক্রমে বশির আহমদে ও চৌধুরী মঞ্জুরুল কবির, পুলিশ লাইনস স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. জালাল উদ্দিন আকবর। শপথবাক্য পাঠ করান পুলিশ সুপার মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা।
সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, তারাই একদিন দেশের বড় বড় প্রতিষ্ঠান পরিচালিত করবে। আজকের এই শপথবাক্য অনুষ্ঠানের মতো তারাও শপথবাক্য পাঠ করাবে।
শপথবাক্য পাঠ অনুষ্ঠান আলোচনার পর পুলিশের ডিআইজি সাংবাদিকদের বলেন, এরপর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এমন একটি শপথবাক্য অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে। আজকের শিক্ষার্থীদের এই অনুষ্ঠানের মতো সারা দেশে ছড়িয়ে পড়ুক এ ধরনের উদ্যোগ।
এ ছাড়া একই সঙ্গে জেলার সাত উপজেলা রংপুর সদর, গঙ্গাচড়া, বদরগঞ্জ, কাউনিয়া, মিঠাপুকুর, পীরগাছা ও পীরগঞ্জ উপজেলার ৮৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে এ শপথবাক্য পাঠ অনুষ্ঠানে অংশ নেয়।