রংপুরে গত দুই মাসে সহিংস ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। দুর্বৃত্তরা বেশ কয়েকজনের হাত-পায়ের রগ কেটে দিয়েছে। এ ধরনের সহিংসতার শিকার হয়েছেন যুবলীগ-ছাত্রলীগের নেতারাও। দুই মাসের ব্যবধানে ছাত্রদলের নেতাসহ ছয়জন খুন হয়েছেন। এসব হত্যা ও হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলা হলেও আসামিদের মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।
গা-ঢাকা দেওয়ার কারণে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না বলে পুলিশ দাবি করছে।
পুলিশ সূত্র জানায়, নগরের মুসলিমপাড়ায় ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য রিমন মিয়াকে অজ্ঞাত দুর্বৃত্তরা গত শুক্রবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হামিদুল ইসলাম খান ওরফে সুমন গত ৯ অক্টোবর রাতে নগরের বাটার গলিতে হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাঁর দুই হাতের কবজি কেটে দিয়েছে। তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে এখনো চিকিৎসাধীন। পুলিশ বলছে, পূর্বশত্রুতার জেরে ওই হামলা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। এ ছাড়া নগরের মুসলিমপাড়ায় ১১ অক্টোবর ময়না নামের এক যুবকের পায়ের রগ কেটে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
গত ১১ সেপ্টেম্বর কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোশাররফ হোসেনের হাত ও পায়ের রগ কেটে দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় মোশাররফ ছাত্রশিবিরের ৩৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউর রহমান অভিযোগ করেন, শিবিরের সন্ত্রাসীরা কলেজের আশপাশে বিভিন্ন আবাসিক মেসে অবস্থান করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক বলেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
দুই মাসে ছয় খুন: নগরের মেডিকেল পূর্বগেট এলাকায় গত ১৫ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় জেলা ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক শাহীন আলমকে। শাহীনের মা ফয়জুন্নেছার অভিযোগ, খুনি আসামিদের গ্রেপ্তার করা হয়নি। তারা এখন শাহীনের পরিবারকে নানা ভয়ভীতি দেখাচ্ছে। নগরের দমদমা এলাকায় অটোরিকশাচালক শহীদুল আলমকে ৩০ আগস্ট রাতে জবাই করে হত্যা করা হয়। এ ছাড়া নগরের আরাজি তামপাট এলাকার অটোরিকশাচালক বেলাল হোসেনকে (২৪) ৪ অক্টোবর হত্যা করা হয়। এ হত্যা মামলার আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।