রংপুরে এনকেফালাইটিসে আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে এনকেফালাইটিসে গত রোববার রাতে আরও একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে। গতকাল সোমবার সেখানে এনকেফালাইটিসে আক্রান্ত কোনো নতুন রোগী ভর্তি হয়নি। এদিকে গত রোববার ও গতকাল রংপুর ও লালমনিরহাট পরিদর্শন করে পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. খন্দকার সিফায়েত উল্লাহ। সরেজমিনে জানা গেছে, রংপুরে এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে রোববার রাতে মারা যাওয়া ব্যক্তি হলেন পীরগাছা উপজেলার অন্নদানগর গ্রামের ওয়েজ উদ্দিন (৪০)। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুল ইসলাম ওই রোগে আক্রান্ত হয়ে ওয়েজ উদ্দিনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু-সনদেও একই কারণ উল্লেখ করা হয়েছে। এ নিয়ে রংপুরের তিন উপজেলায় গত চার দিনে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন পাঁচজন। রোববার রাতে জেলা সিভিল সার্জন মিলনায়তনে চিকিৎসকদের সঙ্গে এনকেফালাইটিস নিয়ে মতবিনিময় করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. খন্দকার সিফায়েত উল্লাহ। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় এ রোগ যথেষ্ট নিয়ন্ত্রণে এসেছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করেছেন। তাঁরা জানিয়েছেন, হাসপাতালে গতকাল কোনো নতুন রোগী আসেনি। মহাপরিচালক সিফায়েত উল্লাহ গতকাল রংপুর থেকে লালমনিরহাটে যান। বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি হাতীবান্ধায় এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সহোদর ভাইবোন অরণ্য ঘোষ ও অনন্যা ঘোষের বাড়িতে গিয়ে তাদের মা-বাবাকে সান্ত্বনা দেন।