রংপুরে কবজি ও গোড়ালি বিচ্ছিন্ন করে ফের খুন
রংপুর শহরে শরিফুল আলম (৩০) নামের এক তরুণ খুন হয়েছেন। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর এক হাতের কবজি ও এক পায়ের গোড়ালি পর্যন্ত বিচ্ছিন্ন করে দিয়েছে। তাঁর চোখ-মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কেরানিপাড়া মোড়ে নৃশংস এ ঘটনা ঘটে। শরিফুল একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি শহরের পাশারিপাড়ার কাস্টমস কর্মকর্তা খলিলুর রহমানের ছেলে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শক্রতার জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দেড় মাসের ব্যবধানে রংপুর শহরে একই কায়দায় দুটি খুনের ঘটনা ঘটল। গত মে মাসে জেলা যুবদলের সদস্য মোশাররফ হোসেনের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে শরিফুলকে সদর উপজেলার সাতগাড়া ইউনিয়নের বড়বাড়ি এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে তুলে আনা হয়। রাত ১২টার দিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শরিফুলের মা হাজেরা খাতুন বাদী হয়ে গতকাল শুক্রবার বিকেলে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ বিকেলেই শহরের কট্টিপাড়ার সুভন ও কেরানিপাড়ার রাফিকে গ্রেপ্তার করেছে।শরিফুলের স্ত্রী হাসিমুন নাহারকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর মা হাজেরা খাতুন ছেলেকে হারিয়ে বিলাপ করছেন। আবার কখনো মূর্ছা যাচ্ছেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমার ছেলের খুনিদের বিচার চাই।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, খুনের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গত ৩০ মে শহরের মুন্সিপাড়ায় জেলা যুবদলের সদস্য মোশাররফ হোসেনকে (৩২) একই কায়দায় খুন করে সন্ত্রাসীরা। তাঁর দুই হাতের কবজি বিচ্ছিন্ন করা হয়।তবে জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, ‘শহরের পাড়া-মহল্লার ছেলেদের মধ্যে ডিশ লাইনের ব্যবসা নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধ থেকে গন্ডগোল হচ্ছে। এই খুনের ঘটনাও বিচ্ছিন্ন কিছু নয়। প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’