জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসার মালিকানাধীন নিউ এজ টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে সাড়ে সাত কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্রে জানা গেছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা এনবিআরের পাঁচ সদস্যের একটি দল স্থানীয় র্যাব ও কাস্টমকে সঙ্গে নিয়ে শহরের রবার্টগঞ্জ এলাকার ওই সিগারেট কোম্পানির কার্যালয়ে অভিযান চালায়। এ সময় তারা দুই ট্রাক সিগারেটের ব্যান্ডরোল ও খালি প্যাকেট জব্দ করে স্থানীয় কাস্টম অফিসে নিয়ে যায়। পরবর্তী সময়ে হিসাব-নিকাশ করে ওইদিনই কোম্পানির বিরুদ্ধে সাড়ে সাত কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে একটি বিভাগীয় মামলা করা হয়। এনবিআরের উপ-কমিশনার কাজী মোহাম্মদ জিয়া উদ্দিন জানান, নিউ এজ টোব্যাকোর রেজিস্ট্রারে তিন কোটি ব্যান্ডরোল থাকার কথা। কিন্তু অভিযানের সময় এক কোটি ৯২ লাখ চার হাজার ৫০০ ব্যান্ডরোল পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলা করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।