রংপুরে কর্মসৃজন প্রকল্পে অনিয়মের অভিযোগ
রংপুর সদর উপজেলার তামপাট ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পে স্বচ্ছল ব্যক্তিদের কাজ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটি এক মাসেও প্রতিবেদন দাখিল না করায় এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, তামপাট ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পে ৬৩৬ জনকে কাজ দেওয়া হয়। এর মধ্যে স্বচ্ছল ব্যক্তিরাও আছেন বলে অভিযোগ ওঠে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসন বরাবর গত ১২ এপ্রিল একটি অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই ইউনিয়নে কর্মসৃজন কাজ বন্ধসহ চার দফা দাবি জানানো হয়।এর পরও সেখানে কাজ করার অভিযোগ ওঠায় গত এক সপ্তাহের মধ্যে সোম, মঙ্গল ও বুধবার এলাকাবাসী এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে।সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল মতিন বলেন, অভিযোগ পাওয়ার পর কিছু লোককে বাদ রাখা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো জমা করা হয়নি।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে তিনি তদন্ত করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তাঁরাও অবরুদ্ধ হয়ে পড়েন, পরে পুলিশ তাঁদের উদ্ধার করে।