রংপুরে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন রংপুরের মুখ্য বিচারিক হাকিম আদালত।
মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. আলী আখতার জাহাঙ্গীর হোসেনের দায়ের করা মানহানির মামলায় গত বুধবার এই পরোয়ানা জারি করেন আদালত।
চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি মামলাটি করা হলে আদালত কাদের সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু কাদের সিদ্দিকী ওই সমনের কোনো জবাব না দেওয়ায় মুখ্য বিচারিক আদালতের হাকিম মনসুর আলম গত বুধবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি একটি জাতীয় পত্রিকায় কাদের সিদ্দিকী ‘রাজাকারের উকিল নোটিশ’ শিরোনামে একটি খোলা চিঠি লেখেন। সেখানে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সাংসদ আশিকুর রহমানের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেন। এ ছাড়াও কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের বিরুদ্ধে কুৎসা রটনা করে লেখাটি লেখেন বলে মামলায় অভিযোগ করা হয়।